ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কয়েকটি গ্রামের বাসিন্দারা মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার পর প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন ব্যক্তি শনিবার রাতে মদ পান করেন। কিছু সময় পর তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত বা নিম্নমানের মদ সেবনের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে মৃতরা যে মদ পান করেছিলেন তার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই মদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো অবৈধ উৎপাদন বা সরবরাহ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অবৈধ মদ ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, জেলা প্রশাসন ও পুলিশের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে এবং আবগারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
