প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দেশে মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার কাজ করছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এখন আর তদবিরের কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাকরিপ্রার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ নিশ্চিত করা হবে। তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল প্রশাসনে মেধার মূল্যায়ন নিশ্চিত করা এবং চাকরিতে বৈষম্য কমানো।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনের প্রায় সাত বছর পাঁচ মাস পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে ঘোষিত জিএস প্রার্থী গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরবর্তী সিদ্ধান্ত নেয়।

দীর্ঘ সময় পর ডাকসুর জিএস হিসেবে স্বীকৃতি পাওয়াকে ন্যায়বিচারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, অন্যায় করে কেউ শেষ পর্যন্ত পার পেয়ে যায় না এবং দীর্ঘ অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে তিনি ন্যায়বিচার পেয়েছেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। তার দাবি, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গণরুম ও গেস্টরুমের মতো পরিবেশ নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষকদের সম্মান করার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন রাশেদ খাঁন।

Share.
Leave A Reply

Exit mobile version