পাকিস্তান ক্রিকেট দলকে ‘দুর্বল দল’ হিসেবে আখ্যায়িত করে দেওয়া আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ এবং লর্ডস টেস্টের আগে পাকিস্তান দল সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন তিনি।

সম্প্রতি ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজের সেই বক্তব্য নিয়ে কথা বলেন ব্রড। সেখানে তিনি স্বীকার করেন, পাকিস্তান দলকে নিয়ে তার আগের মন্তব্য সঠিক ছিল না এবং সেটি প্রত্যাহার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সমর্থকদের প্রতিক্রিয়া দেখার পর দেশটির ক্রিকেট সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানান ব্রড। তার উপলব্ধি, পাকিস্তানে ক্রিকেট ঘিরে মানুষের আবেগ অনেক গভীর।

পাকিস্তান দলে যথেষ্ট প্রতিভা রয়েছে বলেও উল্লেখ করেন সাবেক এই ইংলিশ পেসার। তার মতে, দলে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন এমন বোলার যেমন রয়েছেন, তেমনি বড় শট খেলার সামর্থ্যসম্পন্ন ব্যাটারও আছেন।

ব্রডের বিশ্লেষণে, পাকিস্তান দলের দুর্বলতা মূলত খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতায় নয়। বরং ক্রিকেট বোর্ডের প্রশাসনিক ব্যবস্থাপনা, দল নির্বাচনে ধারাবাহিকতার অভাব এবং বারবার কোচিং স্টাফ পরিবর্তনের মতো বিষয়গুলো দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, আগের মন্তব্যের মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর প্রয়োজনের তুলনায় বেশি দায় চাপানো হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দেখার পর তার ধারণা আরও পরিষ্কার হয়েছে—পাকিস্তানের বড় সমস্যা খেলোয়াড়দের সামর্থ্যের চেয়ে দল পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতায় বেশি।

Share.
Leave A Reply

Exit mobile version