নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের ধারা এলেও জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। নতুন করে রাজনীতিতে আসা নারী নেতৃত্বও নিজেদের অধিকার ও দাবি নিয়ে এখনো যথেষ্ট সোচ্চার হয়ে উঠতে পারেননি।
বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর অবস্থান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে প্রতিষ্ঠিত হয়নি। নারীর সমঅধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
সেমিনারে বক্তারা জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, নারীর সমঅধিকারকে কোনো ধরনের সুযোগ বা দয়া হিসেবে বিবেচনা না করে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
