নবম জাতীয় পে-স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে নতুন বেতন কাঠামোর খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, খসড়াটি গতকাল বিজি প্রেসে পাঠানো হয়। মুদ্রণের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসআরও নম্বর দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে গিয়ে কিছুটা সময় বেশি লাগছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে-স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। পে-স্কেল কার্যকর করার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর সম্ভাব্য ব্যয় আগেই সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে (এমটিবিএফ) বিবেচনায় রাখা হয়েছিল। তাই নতুন পে-স্কেলের ব্যয় সরকারের জন্য আকস্মিক কোনো আর্থিক চাপ তৈরি করবে না।

তিনি বলেন, সরকার শুধু এক বছরের আয়-ব্যয়ের হিসাব করে বাজেট তৈরি করে না। ভবিষ্যৎ কয়েক বছরের সম্ভাব্য রাজস্ব ও ব্যয়ের বিষয়ও মধ্যমেয়াদি পরিকল্পনায় রাখা হয়। নতুন পে-স্কেলের সম্ভাব্য খরচও সেই পরিকল্পনার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল।

Share.
Leave A Reply

Exit mobile version