সরকার চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ ও পদায়ন করেছে। এ সংক্রান্ত সাতটি পৃথক প্রজ্ঞাপন বুধবার (২ সেপ্টেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে উন্নীত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসনেও পরিবর্তন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) পদে বদলি করা হয়েছে।
তার জায়গায় স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অবসরে যাচ্ছেন নাসরীন জাহান
আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে তার অবসর কার্যকর হবে। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি (পিআরএল) হিসেবে পরবর্তী এক বছরের ছুটিও অনুমোদন করা হয়েছে।
সাম্প্রতিক এসব প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও পরিকল্পনা কমিশনের শীর্ষ প্রশাসনিক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।
