ভারতের তামিলনাড়ুতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে আগের সরকারের সময়ে করা বিভিন্ন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস নাউ জানিয়েছে, বিধানসভায় ঘোষিত এই সিদ্ধান্ত কার্যকর হলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন।

বিধানসভার ১১০ ধারায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিজয় বলেন, জীবিকা, অধিকার এবং কল্যাণসংক্রান্ত দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আরও সুরক্ষিত হবে।

তিনি জানান, তিরুভান্নামালাইয়ে প্রস্তাবিত সিপকট শিল্পাঞ্চল এবং পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরোধিতা করে আন্দোলন করা কৃষকদের বিরুদ্ধে গুন্ডা আইনে দায়ের করা মামলাও প্রত্যাহারের আওতায় থাকবে।

বিধানসভায় বিরোধীদের প্রশ্ন

সরকারের এ সিদ্ধান্ত নিয়ে তামিলনাড়ু বিধানসভায় বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। ডিএমকে হুইপ ইভি ভেলু এবং সাবেক মন্ত্রী এমআরকে পান্নীরসেলভম সিদ্ধান্তটির উদ্দেশ্য নিয়ে আপত্তি জানান।

বিরোধী পক্ষ থেকে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের সময় ফসল ঋণের দাবিতে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এর জবাবে বিধানসভার স্পিকার জেসিডি প্রভাকর বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার নির্ধারিত নিয়ম অনুসরণ করেই এই ঘোষণা দিয়েছেন।

আগের সরকারের মামলা প্রত্যাহারের প্রসঙ্গ

বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন সরকারের সিদ্ধান্তের সমালোচনার জবাবে আগের ডিএমকে সরকারের সময় মামলা প্রত্যাহারের উদাহরণ তুলে ধরেন।

তিনি দাবি করেন, হাইড্রোকার্বন প্রকল্প, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নাগরিকত্ব সংশোধন আইন এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় দায়ের হওয়া পাঁচ হাজারের বেশি মামলা পূর্ববর্তী সরকার প্রত্যাহার করেছিল।

পূর্তমন্ত্রী আধব অর্জুনের বক্তব্যের জবাব দিতে গিয়ে উদয়নিধি আরও বলেন, কুডানকুলাম আন্দোলনের সময় মামলা হওয়া বর্তমান মন্ত্রী ভ্যানিয়ারাসুই ওই সিদ্ধান্তের একটি বাস্তব উদাহরণ। তার ভাষ্য অনুযায়ী, ডিএমকে সরকারের আমলে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়টি এর মাধ্যমেই প্রমাণিত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version