গেম ডেভেলপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোমাঞ্চকর লড়াইয়ে আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-২৩ দলকে মাত্র ৪ রানে হারিয়েছে তারা।

রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল।

ইনিংসের শুরুতে মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম মিলে ভালো সূচনা এনে দেন। ২৩ বলে ১৯ রান করে জারিফ আউট হওয়ার পর একই ওভারে বিদায় নেন তিন নম্বরে নামা আদ্রিতো।

অন্যপ্রান্তে ব্যাটিং চালিয়ে যাওয়া মুহি ৪৬ বলে ৪০ রান করেন। এরপর আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৭ রান। মাঝের দিকে দলের ইনিংস সামলানোর দায়িত্ব নেন রবিউল হাসান অনিক।

শেষদিকে ফারহান সাদিক ২৬ বলে ২৯ এবং আল রাফি ১৫ বলে ১২ রান করেন। তবে দলের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যাওয়ার মূল কৃতিত্ব অনিকের। ৮২ বল মোকাবিলা করে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ২২৬ রানে গুটিয়ে যায় যুব দল।

৪ রানে থামল অনূর্ধ্ব-২৩ দল

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

খালিদ ২৮ বলে ৩৪ রান করে ফেরার পর জাওয়াদ আবরার করেন ৩০ বলে ২৬ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৫ বল খেলে ২৮ রান করেন।

এরপর কালাম সিদ্দিকী অলিন ৪৫ বলে ৩২ রান করে আউট হন। আহরার আমিন পিয়ান ও রিজান হোসাইন মিলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আহরার ২৪ বলে ২৫ রান করে ফিরে গেলেও রিজান একপ্রান্ত ধরে রাখেন। তিনি ৭৫ বলে ৪৪ রান করেন।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নির্ধারিত লক্ষ্য থেকে ৪ রান দূরে থাকতেই থেমে যায় অনূর্ধ্ব-২৩ দলের ইনিংস।

যুব দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবদুর রহিম। তিনি একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিম দুটি করে উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফলে ২২৭ রানের লক্ষ্য ৪ রানের ব্যবধানে রক্ষা করে জিডি ট্রফিতে বড় চমক দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Share.
Leave A Reply

Exit mobile version