দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারি বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম জেলার দায়িত্ব পেয়েছেন মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলার সরকারি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করবেন। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা সংবিধান ও আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থার নিজস্ব আইনগত কর্তৃত্বে হস্তক্ষেপ করা যাবে না।

দায়িত্বপ্রাপ্তদের প্রধান কাজের মধ্যে রয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম সমন্বয়, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং সরকারি সেবা কার্যক্রমের অগ্রগতিও তারা পর্যবেক্ষণ করবেন। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, দারিদ্র্য কমানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন দায়িত্বপ্রাপ্তরা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে পরামর্শ দিতে পারবেন।

জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলে প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে অংশ নিতে পারবেন। এসব সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং সরকারি কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে জেলা পর্যায়ে সরকারি কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় আরও কার্যকর করতেই নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

চট্টগ্রাম জেলার ক্ষেত্রে এসব কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

Share.
Leave A Reply

Exit mobile version