ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক এবার মাঠের খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বর্তমান ও সাবেক বেশ কয়েকজন ফুটবলার প্রকাশ্যে ফিফার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থায় নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।
প্রশাসনিক পর্যায়ে ইনফান্তিনোর সমালোচনা নতুন নয়। তবে এবার খেলোয়াড়দের প্রকাশ্য অবস্থান পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাদের এমন বক্তব্য ফিফা সভাপতির ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিতর্কের সূত্রপাত হয় সিলভেস্ত্রের প্রকাশ করা একটি বিবৃতিকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন পরিচিত ফুটবলার ও সাবেক তারকা এতে সমর্থন জানান। সমর্থনকারীদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য এমানুয়েল পেতি এবং সাবেক ইংল্যান্ড গোলরক্ষক ডেভিড জেমস।
ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তই খেলোয়াড়দের অসন্তোষের অন্যতম কারণ বলে বিবৃতিতে উঠে এসেছে। বিশেষ করে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব ও মালিকানার কাঠামোয় বেসরকারি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন তারা।
ফুটবলারদের বক্তব্য, বিষয়টি কেবল খেলোয়াড়দের ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থকের স্বার্থও জড়িত। তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্বের অধীনে ফিফা ধীরে ধীরে ফুটবলের প্রচলিত মূল্যবোধ ও মূল আদর্শ থেকে সরে যাচ্ছে।
বড় সিদ্ধান্ত গ্রহণের সময় খেলোয়াড়দের মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে। তাদের মতে, মাঠে যারা সরাসরি ফুটবলের সঙ্গে যুক্ত, নীতিনির্ধারণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদের ভূমিকাও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের কাঠামোয় দীর্ঘদিন ধরে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষমতার কেন্দ্রীকরণ বাড়তে থাকলে ফুটবলের প্রকৃত স্বার্থ এবং নেতৃত্বে থাকা ব্যক্তিদের স্বার্থের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছেন সমালোচকরা।
জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এর আগেও বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা এসেছে। তবে বর্তমান ও সাবেক ফুটবলারদের প্রকাশ্যভাবে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানানো নতুন মাত্রা যোগ করেছে।
ফলে এখন শুধু ইনফান্তিনোর ব্যক্তিগত নেতৃত্ব নয়, ফিফার ভবিষ্যৎ পরিচালন কাঠামো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং খেলোয়াড়-সমর্থকদের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিয়ে এই বিতর্ক সামনে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
