ভারতের উত্তর প্রদেশে স্কুলের নতুন ভবন নির্মাণের দাবিতে এবার বিক্ষোভে নেমেছে জেনারেশন আলফার শিক্ষার্থীরা। যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবিতে স্কুলের সামনে অবস্থান নেয়।
বিক্ষোভের অংশ হিসেবে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না গিয়ে বিদ্যালয়ের বাইরে বসে থাকে। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে ভবন নির্মাণের বিষয়ে নির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।
শিক্ষার্থীদের অভিযোগ, নতুন স্কুল ভবনের প্রয়োজনীয়তার বিষয়টি আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনলাইন মাধ্যমেও একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে নিজেদের দাবিতে অনড় থাকে তারা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।
উত্তর প্রদেশে শিক্ষার্থীদের অবকাঠামোগত দাবিতে এমন প্রতিবাদের ঘটনা এর আগেও ঘটেছে। হামিরপুরে প্রায় ৩০০ শিক্ষার্থী স্কুলে যাওয়ার উপযোগী রাস্তার দাবিতে কয়েক কিলোমিটার হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিল। অন্যদিকে লখনৌতে প্রায় ২৫০ ছাত্রী শিক্ষক সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করে।
এ ছাড়া উন্নাও জেলায় দুই শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে মোহন-বঙ্গারমাউ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।
সব মিলিয়ে উত্তর প্রদেশে শিশু ও কিশোর শিক্ষার্থীদের মধ্যে নিজেদের শিক্ষা-সংক্রান্ত সমস্যা ও মৌলিক সুবিধার দাবিতে সরাসরি প্রতিবাদের প্রবণতা বাড়ছে। জেনারেশন জেডের পর এবার জেনারেশন আলফার শিক্ষার্থীদের এমন আন্দোলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
