বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন। এবার নতুন সিনেমা ‘রেঞ্জার’-এর একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের পরিচালনার দায়িত্বও নিয়েছেন তিনি। সিনেমাটির মূল পরিচালক জগন শক্তি হলেও, তার অনুরোধেই ক্লাইমেক্স অংশের নতুন শুটে পরিচালকের ভূমিকায় কাজ করছেন অজয়।

জানা গেছে, সিনেমাটির ক্লাইমেক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং আগে সম্পন্ন করেছিলেন জগন শক্তি। তবে শুটিংয়ের পর তিনি মনে করেন, দৃশ্যটিকে আরও বড় পরিসরে এবং দর্শনীয়ভাবে উপস্থাপন করা প্রয়োজন। এরপর অজয় দেবগনের সঙ্গে আলোচনা করে দৃশ্যটি নতুন করে ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি মুম্বাইয়ের ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে শুরু হয়েছে ক্লাইমেক্স অংশের রিশুট। অ্যাকশন পরিচালক কেভিন কুমারের সহযোগিতায় অজয় নিজেই দৃশ্যটির শুট পরিচালনা করছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও বাঘ রক্ষার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রেঞ্জার’। সিনেমায় অজয় দেবগনকে একজন বন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। চোরা শিকারিদের হাত থেকে বন্যপ্রাণী রক্ষায় তার সংগ্রামকে ঘিরেই গল্প এগিয়ে যাবে।

অন্যদিকে সঞ্জয় দত্ত অভিনয় করছেন একটি সংঘবদ্ধ চোরা শিকারি চক্রের প্রধানের ভূমিকায়। নতুন করে ধারণ করা ক্লাইমেক্সে অজয়ের চরিত্র ও তার দলের সঙ্গে সঞ্জয় দত্তের নেতৃত্বাধীন শিকারিদের বড় ধরনের সংঘর্ষ দেখানো হবে।

এর আগেও সিনেমা নির্মাণ ও অ্যাকশন দৃশ্য পরিচালনায় আগ্রহ দেখিয়েছেন অজয় দেবগন। ‘মা’ সিনেমার কাজের সময়ও গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্য পুনরায় ধারণে যুক্ত ছিলেন তিনি। নির্মাতা হিসেবে তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ এবং ‘ভোলা’।

Share.
Leave A Reply

Exit mobile version