দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

ভোট শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা দেন। এরপর নির্ধারিত নিয়মে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। পরে অন্যান্য সংসদ সদস্যও পর্যায়ক্রমে ভোট প্রদান করেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ব্যালট গণনার মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে।

কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কোনো ভোট বাতিল হয়েছে কি না—গণনা শেষে এসব তথ্য জানানো হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। পরে নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version