মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলছে। সোমবার প্রধানমন্ত্রীর এক সহযোগী জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আনোয়ার ইব্রাহিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছে। তবে ঠিক কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা চলছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা ও স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্বে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর চিকিৎসা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সোমবার ৭৯ বছরে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এর আগে কয়েকবার কাঁধ ও পিঠের ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন তিনি। ২০১৮ সালে এ ধরনের শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে নির্ধারিত একটি সফর বাতিল করেছিলেন তিনি।
তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছিলেন।
