ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণের পাশাপাশি দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডা. জুবাইদা রহমান।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সংগঠনটির দীর্ঘদিনের ঐতিহ্য, চিকিৎসকদের পেশাগত দক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা ভবিষ্যতেও ড্যাবকে চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের জন্য কাজ করতে সহায়তা করবে। চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
ড্যাবকে দেশের চিকিৎসকদের মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতার অন্যতম উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে ড্যাবের সদস্য এবং দেশের চিকিৎসকদের শুভেচ্ছা জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি ড্যাবের বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির চিকিৎসক ও নেতাকর্মীরা অংশ নেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
