ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, টার্মিনাল থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেশার) স্বাভাবিক হবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, সেটিই পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে।
লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। ফলে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো ধাপে ধাপে আবার চালু করা হবে।
বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে বিল’ বিষয়ে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে গ্রাহকরা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় বিল জমা দেন না। তার মতে, বিদ্যুৎ ব্যবহার, নতুন ট্যারিফ এবং মৌসুমি চাহিদার পরিবর্তনের কারণেও বিলের অঙ্কে পার্থক্য দেখা দিতে পারে।
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে এবং ভারতকে সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
