হোটেলের বিনামূল্যের ওয়াই-ফাই ব্যবহার করার সময় অসতর্ক হলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি স্মার্টফোন বা ল্যাপটপও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এমন নতুন ধরনের সাইবার হামলা সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করেছে Microsoft।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবল-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স টিম ‘ক্যাপটিভক্রাঞ্চ’ (CaptiveCrunch) নামে একটি সাইবার অভিযান শনাক্ত করেছে। এই কৌশলে হ্যাকাররা হোটেল ও আতিথেয়তা খাতের বিভিন্ন ওয়াই-ফাই নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করছে। প্রতিষ্ঠানটির ধারণা, এ হামলার সঙ্গে রাশিয়াভিত্তিক একটি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা হোটেলের ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পর ভুয়া পপ-আপ বার্তা দেখতে পান। এগুলোকে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের আপডেট হিসেবে দেখানো হলেও, প্রকৃতপক্ষে এগুলোর মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করানোর চেষ্টা করা হয়।

এ ধরনের সফটওয়্যার ডিভাইসে ইনস্টল হয়ে গেলে হ্যাকাররা স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি, দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির মতো কর্মকাণ্ড চালাতে পারে।

এ কারণে হোটেল বা অন্য কোনো পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় অপ্রত্যাশিত পপ-আপ, সফটওয়্যার আপডেট বা অ্যাপ ইনস্টলের অনুরোধ এলে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, ভ্রমণের সময় সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে নিজের মোবাইল হটস্পট বা অন্য কোনো নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করলে সাইবার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Share.
Leave A Reply

Exit mobile version