‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, তিনি দেশে ফিরলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে। এ সময় তিনি বলেন, “দেশে আসেন, দেখা হবে—ইনশাআল্লাহ রাজপথে।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দেখভাল এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার হিসেবে কাজ করছে এবং সরকার কোনো ভুল করলে জনগণ যেন তা ধরিয়ে দেয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সরকার অতীতের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করতে চায় না।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে দাবি করেন, অতীতের বিভিন্ন অভিযোগ ও ঘটনার বিষয়ে দলটির আত্মসমালোচনার অভাব রয়েছে।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখনও কাজ করে যেতে চান।

Share.
Leave A Reply

Exit mobile version