নেইমার আবারও বিতর্কের কেন্দ্রে। কোপা দ্য ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার পর রেমোর বিপক্ষে জয়ের উদযাপন করতে গিয়ে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি।

সান্তোসের ১-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমে ফেরার পথে নেইমার স্বাগতিক সমর্থকদের উদ্দেশে চুম্বন ছুড়ে দেন। পরে মিক্সড জোনে উপস্থিত কয়েকজনের সামনে নাচতে নাচতে ‘এলিমিনেটেড’ (বাদ পড়ে গেছ) বলে উদযাপন করেন। এ সময় তার কিছু অঙ্গভঙ্গি ও আচরণ নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, রেমোর এক প্রতিনিধি নেইমারের মন্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করেন। এরপর উভয় পক্ষের মধ্যে কয়েক মুহূর্ত উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা এগিয়ে আসেন।

ভিডিওতে সান্তোসের আরেক ফুটবলার গাবিগোলকেও ঘটনাস্থলের কাছে দেখা যায়। তিনি দূর থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার একপর্যায়ে স্টেডিয়ামের করিডোরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

Share.
Leave A Reply

Exit mobile version