ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী এলাকায় রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর এই হামলার ঘটনা ঘটে।

কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত সাতটি স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলার সময় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কসংকেত চালু ছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, নগরকেন্দ্রের কাছাকাছি একটি গুদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন।

মেয়র আরও জানান, ধ্বংসাবশেষ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন দীর্ঘদিন ধরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাব রাশিয়াকে এমন হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে।

এদিকে জেলেনস্কি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করে ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর বেসামরিক হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version