প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।
বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর প্রধানমন্ত্রী জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন আলোকচিত্র, দলিল, নিদর্শন ও স্মারক পরিদর্শন করেন। এসব প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
