মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে এবং হরমুজ প্রণালি খুব দ্রুত আবারও উন্মুক্ত হতে পারে। তবে সমঝোতা ব্যর্থ হলে তেহরানকে কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে প্রণালিটি দ্রুত খুলে দেওয়া সম্ভব হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। তার দাবি, আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকগুলো ইতিবাচক ছিল এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার ফলাফল স্পষ্ট হতে পারে। তার আশা, সমঝোতা হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফিরবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস (Axios)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং শিগগিরই এ বিষয়ে যৌথ ঘোষণা আসতে পারে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটন আশাবাদী।

Share.
Leave A Reply

Exit mobile version