টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, যা তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি করেছে।

বুধবার সকাল ৯টার পরিমাপ অনুযায়ী, ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫২.২৩ মিটার, যেখানে বিপৎসীমা ৫২.১৫ মিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ও ৯টায় নদীর পানি বিপৎসীমার প্রায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভারতের উজানে কয়েক দিনের ভারী বর্ষণ এবং স্থানীয় টানা বৃষ্টির কারণে তিস্তার পানির প্রবাহ বেড়েছে। এর প্রভাবে নদীর চরাঞ্চলের সড়ক, কৃষিজমি ও নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

ইতোমধ্যে তিস্তা তীরবর্তী কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক এলাকায় সড়ক পানিতে ডুবে যাওয়ায় নৌকা ও ভেলা মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পানির চাপ বাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী সড়কগুলো ঝুঁকির মুখে রয়েছে। তাদের অভিযোগ, নিয়মিত ও টেকসই সংস্কারের অভাবে অনেক বাঁধ দুর্বল হয়ে পড়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি একইভাবে অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। তিনি নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version