সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার, যাতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিগগিরই সময়সূচি ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে। বিরোধী দলের সদস্যরা কমিটির বৈঠকে অংশ নিলে যেমন তাদের মতামত গুরুত্ব পাবে, তেমনি লিখিতভাবে দেওয়া প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের উদ্যোগকে সরকার কোনো চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবী সংগঠনগুলোর মতামতও পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। তাই পুরো আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত হওয়া বিভিন্ন প্রস্তাব, মতভেদ থাকা বিষয়গুলো, সরকারি দলের নির্বাচনী অঙ্গীকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশ বিবেচনায় নিয়ে সর্বজনগ্রাহ্য সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কমিটি কাজ করবে।

