ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প কৌশল নিয়ে কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ভিন্নধর্মী ধারণা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা ই-মেইলের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর জন্য নতুন ও সৃজনশীল কৌশল বিষয়ে মতামত আহ্বান করেন।

তবে সেন্টকমের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ধারণা সংগ্রহ করা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তার ভাষ্য অনুযায়ী, উদ্ভাবনী উপায়ে পরিকল্পনা ও কৌশল প্রণয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির।

বিশ্লেষকদের ধারণা, এই উদ্যোগ থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহল শুরুতে সংঘাত এত দীর্ঘ সময় ধরে চলবে বলে ধারণা করেনি।

চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে চাপ তৈরি হয়েছে, যার অর্থনৈতিক প্রভাব বিভিন্ন দেশেই অনুভূত হচ্ছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে কথা বলেন। আলোচনায় তিনি উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version