যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সরকারি আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রায় এক বছর ধরে ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা স্টেফানিশিনার পদত্যাগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। তার বিদায় এমন সময়ে এলো, যখন ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রিসভা ও কূটনৈতিক অঙ্গনে একাধিক পরিবর্তন আনা হচ্ছে।
ফেসবুকে দেওয়া এক বার্তায় স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে ইউক্রেনের স্বার্থে গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ সম্পন্ন করতে পেরেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন ধরে রাখতে তারা কাজ করেছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টেফানিশিনা বলেছিলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে পদত্যাগের নির্দেশ দেননি। তিনি আরও জানান, এ বিষয়ে পরে বিস্তারিত বক্তব্য দেবেন।
এদিকে ইউক্রেনের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসেই তিনি দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা প্রেসিডেন্টকে জানিয়েছিলেন। একই সঙ্গে তার সম্পদ ঘোষণায় অনিয়মের অভিযোগ নিয়েও তদন্ত চলছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
