ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন নতুন গতি পেয়েছে। পরীক্ষা বাতিল এবং নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
রোববার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ১৪তম জেপিএসসি (Jharkhand Public Service Commission) প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নফাঁস, নিয়োগে অনিয়ম এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বারবার চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। এরপর ধারাবাহিকভাবে আন্দোলন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, প্রতীকী প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করা হয়। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবির কার্যকর সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, সরকারের পক্ষ থেকে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় তিনি অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে তার দল পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।
জেপিএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীরা টানা কয়েক দিন ধরে রাঁচিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রোববারের কর্মসূচির অংশ হিসেবে তারা মশাল মিছিলও আয়োজন করেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
