মিয়ানমারের সাবেক রাষ্ট্রীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই এই বৈঠকের খবর প্রকাশ করা হয়েছে।

সরকারি মুখপাত্র খাইং খাইং সো এক বিবৃতিতে জানান, রাজধানী নেপিডোতে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আরনাউদ দ্য বেক সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। সরকার প্রকাশিত কয়েকটি ছবিতে সু চিকে ঐতিহ্যবাহী পোশাকে প্রতিনিধির সঙ্গে আলাপ করতে এবং একটি ছবিতে কেক কাটতে দেখা গেছে।

তবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি বৈঠকটি ঠিক কবে ও কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, সামরিক সরকারের বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)-এর মুখপাত্র নে ফোন লাট বলেছেন, তারা আইসিআরসির আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তিনি অং সান সু চির নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চি আটক রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ঘোষণা করা হয়। শুরুতে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে ১৮ বছর করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে সু চির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ে। চলতি বছরের এপ্রিলে সামরিক সমর্থিত রাজনৈতিক পরিবর্তনের পর তাকে কারাগার থেকে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

থাইল্যান্ড, ফিলিপাইনসহ আসিয়ানভুক্ত কয়েকটি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দীর্ঘদিন ধরে সু চির সঙ্গে স্বাধীনভাবে সাক্ষাতের অনুমতি চেয়ে আসলেও এতদিন মিয়ানমারের কর্তৃপক্ষ সে সুযোগ দেয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version