দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর স্বল্প সময়ের জন্য দেশে ফিরছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। মস্তিষ্কে টিউমারের চিকিৎসার অংশ হিসেবে এক বছরের বেশি সময় লন্ডনে অবস্থান করার পর সোমবার তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার যাত্রা শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা সাম্প্রতিক একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে অভিনেতাকে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন কয়েক দিনের জন্য দেশে এলেও চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই আবার লন্ডনে ফিরে যেতে হবে।

তিনি আরও জানান, চিকিৎসার অংশ হিসেবে এখন পর্যন্ত অভিনেতাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার ওপরও প্রভাব পড়েছে। পরিবারের সদস্যরা লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে অভিনেতার নিজের ইচ্ছাতেই কিছু সময়ের জন্য তাকে দেশে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস কাঞ্চন যুক্তরাজ্যে যান। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসকদের পরবর্তী মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী ১৫ আগস্ট আবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেতার।

Share.
Leave A Reply

Exit mobile version