দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদ ব্যবহারের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, এ হামলার ফলে কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কৃষিজমির ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছসমৃদ্ধ স্থানে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রগুলোর দাবি।
একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাবাতিয়েহর আলি আল-তাহের পাহাড়সংলগ্ন এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগও রয়েছে। এছাড়া টায়ার জেলার বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের দীর্ঘমেয়াদি অভিযান শেষ হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীন এই ইউনিটটি প্রায় আট মাস ধরে সীমান্ত এলাকায় নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে।
ইসরাইলি বাহিনীর দাবি, অভিযানের সময় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রতিরক্ষামূলক টহল ও সামরিক অভিযান চালিয়ে তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টির বেশি স্থাপনা ধ্বংস করেছে। এসবের মধ্যে ভূগর্ভস্থ দীর্ঘ সুড়ঙ্গও রয়েছে বলে তাদের বক্তব্য।
এছাড়া অভিযানের সময় ৬০০টির বেশি অস্ত্র জব্দ করা হয়েছে এবং ৬০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলেও ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে।
তবে লেবাননের পক্ষ থেকে উত্থাপিত ফসফরাস গোলাবারুদের অভিযোগ এবং ইসরাইলের সামরিক দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।
