বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সংশোধিত প্রবিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সব বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল বলে গণ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির পর থেকে ১৫ কার্যদিবসের মধ্যে সংশোধিত প্রবিধানমালা অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
প্রক্রিয়া অনুযায়ী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সুপার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে সভাপতির জন্য তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এরপর অন্যান্য সদস্যদের নামসহ প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে।
অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসাগুলোর ক্ষেত্রে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
