২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসজুড়ে দেশে এসেছে প্রায় ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা হিসেবে) প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ।
এর আগে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল প্রায় ২৮২ কোটি ডলার রেমিট্যান্স। ফলে নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের পুরো ১২ মাসে বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫২৬ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হিসেবে ১৭ দশমিক ৩ শতাংশ। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বৈধ পথে অর্থ পাঠানোর জন্য দেওয়া প্রণোদনা, সহজতর ব্যাংকিং সেবা এবং ডিজিটাল মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে।
