ইরানকে ঘিরে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আলোচনা তীব্র হওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিণতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি আরও জটিল না করার আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্নের পর ওয়াশিংটন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেননি। রোববার একটি সম্ভাব্য হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করা হলেও সেটি পুরোপুরি বাতিল করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
এ অবস্থায় সৌদি যুবরাজ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে সম্ভাব্য মার্কিন পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনের কাছে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছে সৌদি আরব বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, ইরান আগেই সতর্ক করে বলেছে, দেশটির ওপর নতুন কোনো হামলা হলে তারা ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে পারে।
এ বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে সৌদি দূতাবাসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
