যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষ করে চাকরি করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির আওতায় কাজ করতে চাইলে ১ লাখ মার্কিন ডলার ফি নির্ধারণ করা হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি বর্তমানে মার্কিন প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। ওপিটি কর্মসূচির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর ছাত্র ভিসার আওতায় নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। সাধারণত এ সময়সীমা এক থেকে তিন বছর পর্যন্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করে এমন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রযুক্তি, অর্থনীতি ও গবেষণাভিত্তিক খাতে বিদেশি স্নাতকদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি নাগরিক ওপিটি কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।

এর আগে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত ফি আরোপের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন পরবর্তীতে একটি মার্কিন আপিল আদালতের আদেশে স্থগিত হয়।

বর্তমানে ওপিটি-সংক্রান্ত নতুন ফি প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পর্যালোচনায় রয়েছে। তবে এটি চূড়ান্ত অনুমোদন পাবে কি না, কিংবা সম্ভাব্য ফি শিক্ষার্থী নাকি নিয়োগকর্তা বহন করবে—এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version