জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্দোলনের সময়কার অভিজ্ঞতা, বর্তমান শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনসংগ্রামের কথা শোনেন প্রধানমন্ত্রী।
জানা যায়, সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে আজিজুর রহমানের বিষয়ে তুলে ধরা হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তারা আজিজুরের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎকালে আজিজুর আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, চিকিৎসা, পড়াশোনা চালিয়ে যাওয়ার সংগ্রাম এবং জীবিকা নির্বাহের জন্য সিএনজি চালানোর অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ সার্বিক সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আজিজুর আন্দোলনের দিন মাথার রক্তক্ষরণ থামাতে ব্যবহার করা রক্তমাখা জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তিনি বলেন, নিজের জীবনের একটি স্মৃতিবহ প্রতীক প্রধানমন্ত্রীর কাছে তুলে দিতে পেরে তিনি আবেগাপ্লুত এবং এটিকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে মনে করছেন।
শেখ আজিজুর রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তিনি সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা হাতে তাঁর উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে আন্দোলনের এক পর্যায়ে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায়ও আন্দোলনস্থল না ছাড়ার পর তাঁকে আটক করা হয় এবং পরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
