২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য আরও কমানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হজের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা, যা আগের নির্ধারিত মূল্যের তুলনায় ২৫ হাজার টাকা কম।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের ব্যয় কমানো এবং আরও সহজ ও সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছর বিমান টিকিটের খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছিল, আর এবার অতিরিক্ত ২৫ হাজার টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণসংক্রান্ত কর কমানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন সুবিধা নিয়ে সৌদি সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। তাই সেবার মান বজায় রাখা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্ট এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান, হাবের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
