ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
বিদায়ী বার্তায় রাহানে বলেন, প্রতিটি যাত্রারই একটি নির্দিষ্ট শেষ আছে। দীর্ঘ ক্রিকেটজীবনের পর তিনি মনে করছেন, নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। তিনি ক্রিকেটকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সমর্থক, সতীর্থ, কোচ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় রাহানের। একই বছরের সেপ্টেম্বর মাসে ওয়ানডে দলে সুযোগ পান এবং ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের মাধ্যমে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ভারতের হয়ে তিনি মোট ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৫ হাজার ৭৭ রান, ১২টি সেঞ্চুরি এবং ৩৮.৪৬ গড়ে রান করে তিনি দেশের অন্যতম সফল মিডল-অর্ডার ব্যাটার হিসেবে পরিচিতি পান। তাঁর ১২টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৮টিই এসেছে বিদেশের মাটিতে, যা বিদেশে ভারতের সাফল্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ।
এ ছাড়া ওয়ানডেতে তিনি ২ হাজার ৯৬২ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭৫ রান সংগ্রহ করেছেন। জাতীয় দলের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের জুলাইয়ে।
রাহানের অবসরের ঘোষণার পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক তাঁর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, শান্ত স্বভাব, দায়িত্বশীল নেতৃত্ব এবং কঠিন পরিস্থিতিতে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতার কারণে রাহানে ভারতীয় ক্রিকেটে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর ক্যারিয়ার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
