জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ের আলোচিত ছাত্রনেত্রী উমামা ফাতেমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মূল্যায়ন প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, অভ্যুত্থানের পর উমামা ফাতেমা, নুসরাত ও রাফিয়ার একটি সাক্ষাৎকার তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তার ভাষ্য অনুযায়ী, তাদের সাহস, স্পষ্ট বক্তব্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা তার রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, দেশে ফিরে উমামার সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি তাকে অত্যন্ত আন্তরিক ও স্বাভাবিক একজন মানুষ হিসেবে দেখেছেন। তার মতে, উমামা নিজের বিশ্বাস ও অবস্থানের সঙ্গে আপস না করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন।
পোস্টে তিনি বলেন, নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য নীতিগত অবস্থান ধরে রাখা বড় একটি চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে উমামাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন, যার বিচার-বিবেচনার ওপর আস্থা রাখা যায় বলে তিনি মনে করেন।
তাসনিম জারার দাবি, গত কয়েক বছরে উমামা ফাতেমা একাধিক ক্ষেত্রে নিজের নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিয়েছেন। কোনো প্ল্যাটফর্ম বা প্রস্তাব তার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি রাজনৈতিক সুযোগ থাকা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনীতিতে শুধু পদ বা ক্ষমতা অর্জনই সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। বরং কীভাবে সেই অবস্থানে পৌঁছানো হয়েছে এবং মানুষের জন্য কী অবদান রাখা হয়েছে—এসব বিষয়ই প্রকৃত মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।
উমামা ফাতেমাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তাসনিম জারা বলেন, অনেকেই তাকে ভিন্নভাবে মূল্যায়ন করলেও তিনি উমামার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা ও নৈতিক দৃঢ়তা দেখতে পান।
পোস্টের শেষাংশে তিনি একটি রূপক ব্যবহার করে বলেন, ইতিহাসে অনেক সময় যাদের অবমূল্যায়ন করা হয়, তারাই ভবিষ্যতের পরিবর্তনের ভিত্তি তৈরি করেন। তার ভাষায়, নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে যাদের মুখ ভরসার প্রতীক হিসেবে মনে আসে, উমামা ফাতেমা তাদের অন্যতম।
