প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই হবে তাঁর প্রথম ভাষণ।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নবনির্বাচিত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
