বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন’—এমন খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি হওয়ার খবরটি সত্য নয় এবং এটি শুধুই গুঞ্জন।
মাদক প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পথ বলে তিনি মনে করেন।
এ সময় গণমাধ্যমকর্মীদেরও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো গেলে সমাজে এর ব্যবহার কমাতে সহায়ক হবে।
