সম্পদ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
রায়ের দিন কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা অনুযায়ী তাকে আবার কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন নির্ধারণ করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দিতে নির্দেশ দেয় দুদক।
তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণীর ফরম ও নির্দেশনা গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি। এ কারণে একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুদক অভিযোগপত্র আদালতে জমা দেয় এবং পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে তালিকাভুক্ত সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি বিচারাধীন অবস্থায় কারাগারেই ছিলেন।
