অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের শত শত সাবেক নিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্মকর্তা। এ উদ্দেশ্যে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা বিভাগ, পুলিশ এবং কূটনৈতিক অঙ্গনের প্রায় ৬০০ অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি এই উদ্যোগ নেয়। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের আগে সংগঠনের পক্ষ থেকে সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাই স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে সতর্ক করা হয়, পশ্চিম তীরে চলমান সহিংসতা দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা আরও বড় আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে। সাবেক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকলেও উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। তাদের মতে, সরকারের কিছু নীতিগত অবস্থান ও রাজনৈতিক সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির ওপর হামলার ঘটনা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরজুড়ে ১৫৬টি বসতি এবং ৩৬০টি আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসবাস করছেন।
