যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করায় দেশটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে আবারও হামলা চালানোর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৭ জুলাই) মিশিগান সফরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করে সামরিক অভিযান থামিয়ে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে কোনো সমঝোতা না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র সাময়িক বিরতি নিয়েছে। এ সময় ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে গোলাবারুদের মজুদে চাপ সৃষ্টি হতে পারে এবং এর বিস্তৃত প্রভাব নিয়ে প্রশাসনের ভেতরেও উদ্বেগ ছিল। সে কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সংঘাত আরও বিস্তারের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
