দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র একদিন আগে দাম বাড়ানোর পর এবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রেও প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে ২৭ জুলাই বাজুস সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা প্রতি ভরি। একই সময়ে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বৃদ্ধি করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাটে পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
