ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও অল্প সময়ের জন্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত নয়; বরং একটি কারিগরি সমস্যার কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে গিয়েছিল। পরে ত্রুটি শনাক্ত হওয়ার পর ভিডিওটি পুনরায় চালু করা হয়।
মেটার এক মুখপাত্র জানান, প্রযুক্তিগত জটিলতার কারণে ভিডিওটি সাময়িকভাবে অনুপলব্ধ হয়েছিল। সমস্যা সমাধানের পর সেটি আগের মতোই ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং পুরো ঘটনার পেছনের কারণ জানতে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে মেটার প্রতিনিধিদের কাছে ব্যাখ্যাও চাওয়া হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভিডিওটি ২৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। এতে শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের উদ্দেশে নরেন্দ্র মোদির বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও ছিল। ভিডিওটি সরানোর আগে বিপুল সংখ্যক দর্শক এটি দেখেছিলেন।
