দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে এবং এ কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য সরকার দুঃখ প্রকাশ করছে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাস উৎপাদন স্বাভাবিক থাকলেও আমদানিকৃত এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় এই ঘাটতি তৈরি হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। সরকারের আশা, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং পরবর্তী সপ্তাহে পরিস্থিতি প্রায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
গ্যাস সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকেও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ভোলার অতিরিক্ত গ্যাস ব্যবহার, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং বিদেশ থেকে এলএনজি আমদানির বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি কমানো যায়।
