ভারতে নিট (NEET) আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে দিল্লি পুলিশ। এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নিয়মবহির্ভূত পোস্ট দ্রুত অপসারণের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি বিশেষ সাইবার টিম অনলাইন প্ল্যাটফর্মগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। নতুন কোনো বিতর্কিত বা আইন লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত হলে তা দ্রুত সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এই অভিযান শুরু হয়েছে নিট আন্দোলন প্রত্যাহারের পরপরই। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনটি সরকারের সঙ্গে আলোচনার পর শেষ হয়। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

আন্দোলনের নেতারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতির পর তারা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, নিট পরীক্ষাকে ঘিরে শুরু হওয়া এই আন্দোলন কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন স্থানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আন্দোলনের শেষ পর্যায়ে বিক্ষোভ ও পুলিশি হস্তক্ষেপের ঘটনাও ঘটে, পরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version