ইয়েমেনের ওপর অবরোধ এবং চাপ অব্যাহত রাখলে এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সৌদি আরবকেই বহন করতে হবে বলে সতর্ক করেছে হুথি-নিয়ন্ত্রিত প্রশাসন। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস বলেছেন, সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইয়েমেনকে দুর্বল করার প্রচেষ্টা সফল হবে না।
তার দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েও ইয়েমেনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। তাই আঞ্চলিক মিত্র বা সশস্ত্র গোষ্ঠীর ওপর নির্ভর করেও একই ধরনের ফল পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।
আবু রাস আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ কাঠামো দুর্বল করার উদ্যোগ দীর্ঘমেয়াদে সৌদি আরবের অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে সম্প্রতি হুথিদের পক্ষ থেকে সৌদি রপ্তানিকে লক্ষ্য করে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর লোহিত সাগর এলাকায় জাহাজ চলাচল নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সতর্কতা বাড়ছে।
