কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের প্রতি কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির শীর্ষ রাজনৈতিক ও কূটনৈতিক নেতারা জানিয়েছেন, এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো হামলা উপেক্ষা করা হবে না।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আক্রমণের পরিণতি রয়েছে এবং হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে দেশটি পিছিয়ে থাকবে না।
একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচিও। তিনি হামলার নিন্দা জানিয়ে দাবি করেন, এর জন্য ইউক্রেন দায়ী। তবে তিনি প্রকাশ্যে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘন করা হয়েছে।
হামলার পর তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি ইরান জানিয়েছে, নিজেদের নাগরিক, সম্পদ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি কাস্পিয়ান অঞ্চলে দূরপাল্লার হামলার কথা উল্লেখ করলেও কোনো ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি স্বীকার করেননি। ফলে হামলার দায় ও ঘটনাটির প্রকৃত বিবরণ নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে।
