বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক দিন বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হচ্ছে। একই দিনে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার বিভিন্ন বিষয় এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি বিএমটির নির্ধারিত পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে।
বন্যা পরিস্থিতি, যোগাযোগব্যবস্থার সমস্যা এবং পরীক্ষার্থীদের সার্বিক দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট পরীক্ষাগুলো আগে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। স্থগিত হওয়া অন্যান্য পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
